
মমিনুল হক ॥
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিতব্য বিএনপি সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে মন্ত্রী পরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বেলা ১২টার দিকে সুলতান সালাউদ্দিন টুকুর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।
এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় সাড়ে ৩শ’ মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ বার কারাভোগ করেন। এ সময় তিনি মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে তাকে।






