
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গত (১৩ ফেব্রুয়ারী) থেকে নিখোঁজ হন মাদ্রাসা ছাত্রী জাকিয়া সুলতানা (১৬)। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি ওই মাদ্রাসা ছাত্রীর। এতে জাকিয়ার পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পরেছেন।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আলসা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে জাকিয়া সুলতানা গত (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর রাত পেরিয়ে গেলেও জাকিয়া বাসায় ফেরেনি। পরিবারের লোকজন তার সহপাঠি ও নিকটতম আত্বীয় স্বজনদের বাড়িতে বারবার খোঁজ করেও তার সন্ধান পায়নি। জাকিয়ার সাথে কারো শত্রুতা বা প্রেমের সম্পর্ক ছিলনা বলেও জানিয়েছেন তার পরিবার। সে পাশ্ববর্তী গ্রামের ধুলটিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।
এ ব্যাপারে জাকিয়ার পিতা জয়নাল মিয়া গত (১৬ ফেব্রুয়ারী) দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেনে। যার নম্বর-৬৩৭।
নিখোঁজ জাকিয়ার পিতা জয়নাল মিয়া জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন বিকেলে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন সে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাই নাই। মাদ্রাসা ছুটি হলে সঠিক সময়ে বাড়ি ফিরত। স্বভাবে বেশ সহজ সরল। আত্মীয় স্বজনসহ তার সহপাঠিরাও নিখোঁজের ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। খোঁজ না পেয়ে দেলদুয়ার থানায় সাধারণ ডায়েরি করেছি।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার মেয়ে বেঁচে আছে, না মারা গেছে আমি জানিনা। জীবিত অথবা মৃত আমি আমার মেয়ের সন্ধান চাই। জাকিয়ার মা জাকিয়ার খোঁজ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলাম রাজু জানান, মেয়েটি প্রায় ২৫ দিন হলো নিখোঁজ। আমরা গ্রামবাসী বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। পরিবার তাদের মেয়েকে না পেয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে আমরা থানা পুলিশের সহযোগীতা চেয়েছি। আশা করি এ ব্যাপারে তারা দ্রুতই পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রী নিখোঁজে সাধারণ ডায়েরী হয়েছে কিনা ফাইল দেখে তথ্য দিতে পারবো।






