
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের বিভিন্ন শপিংমলে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে আদালত রোড ও আকুরটাকুর এলাকায় অবস্থিত মার্কেটগুলোতে মানুষের চাপ বেশি। বুধবার (১১ মার্চ) সকাল থেকে পৌর এলাকার মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানগুলোতে ভিড় বেশি। এছাড়া প্রতিদিন সন্ধ্যার পর থেকেই এসব মার্কেট ও আশপাশের অলিগলিতে ক্রেতার চাপ কয়েকগুণ বেড়েছে।
ব্র্যান্ড শপগুলোতে ভিড় বেশি হলেও সাধারণ দোকান ও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান শুরু হওয়ার প্রথম সপ্তাহে তুলনামূলক কম ক্রেতা থাকলেও গত দুই-তিন দিনে ভিড় বেড়েছে। মেইন রোডের জুতা ব্যবসায়ী রাতুল বলেন, দুপুর পর্যন্ত তের জোড়া জুতা বিক্রি হয়েছে। অন্যান্য বছরের তুলনায় কম।
কাপড় ব্যবসায়ী রুবেল বলেন, গত দুই-তিন দিন ধরে ক্রেতা বাড়ছে, ঈদের সপ্তাহে বেচাকেনা আরও বাড়বে। ক্রেতা আজমল ফুয়াদ জানিয়েছেন, অফিস ও অন্যান্য ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারেননি, তাই মার্কেটে এসেছেন।
ঈদ মার্কেটের কারণে শহরে যানজটও বেড়েছে। মেইন রোড, আদালত রোড, কালিবাড়ী রোড, ভিক্টোরিয়া রোড ও আকুরটাকুর পাড়া এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মার্কেটের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ঈদের কেনাকাটার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে এসব এলাকায় ক্রেতাদের ভিড় আরও বাড়ার আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।





