
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় র্যাব-১৪ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ৫ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। র্যাব-১৪ এর ৩নং কোম্পানির একটি দল মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে চেকপোস্ট থেকে মাদক কারবারীকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল র্যাব-১৪ এর ৩নং কোম্পানির একটি দল মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী “পিংকি বাচ্চু পরিবহন” এ এক মাদক কারবারী যাত্রীবেশে টাঙ্গাইলের দিকে আসছে।
পরবর্তীতে এলেঙ্গা বাসস্ট্যান্ড মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম আনিসুর রহমান (২৯)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হেমের কুটি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (৫ মে) দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।






