
মধুপুর প্রতিনিধি ॥
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সরকার শিক্ষা মান উন্নয়নে কাজ করছে। বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের ল্যাব করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় তিনি বলেন, মধুপুর-ধনবাড়ির যে সকল প্রতিষ্ঠানে বিজ্ঞান ল্যাব করার মতো অবকাঠামো রয়েছে। সেসব প্রতিষ্ঠানে বিজ্ঞানের ল্যাব করা হবে। এ সময় তিনি রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সন্তোষ কুমার ম্রং এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, এ গ্রামাঞ্চলে যারা শ্রম, মেধা, অর্থ ও জমি দিয়ে যারা সহযোগীতা করেছে এর মধ্যে যারা মারা গেছে তাদেরকে সবসময় স্মরণ করা উচিত। মন্ত্রী আরও বলেন, ছাত্র জীবনে যারা এ প্রতিষ্ঠান থেকে পাশ করে বিভিন্ন জায়গায় চাকরি করছে, আজ তারা সবাই এসে নবীন-প্রবীন একত্রে হয়ে যে মিলন মেলাটি হচ্ছে এটা খুবই আনন্দের। সবাই পুরানো সতীর্থদের পেয়ে গল্প-আড্ডা করার সুযোগ হয়েছে। এ গল্প-আড্ডা মধুর স্মৃতি বলে তিনি উল্লেখ করেন।
রবিবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এসব কথা বলেন।
এ মিলন মেলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রজমান, থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা মহি উদ্দিন, স্বর্গীয় সন্তোষ কুমার ম্রং এর কন্যা বিদ্যালয়ের সভাপতি তামসী তন্দ্রা ম্রং।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক শামসুর রাহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণকে নতুন বর্ণীল রুপে সাজানো হয়। নবীন-প্রবীনের মিলন মেলায় প্রায় দেড় হাজার সতীর্থরা উপস্থিত ছিলেন। পরে বিকেল থেকে শুরু হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে বিকেলে মন্ত্রী মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলোচনা সভায় যোগ দেন।






