
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কালিহাতী পৌরসভার উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন ও কালিহাতী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচেতনতামূলক র্যালি শেষে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ এবং দখলকৃত ফুটপাত মুক্ত করা হয়। এ সময় সংশ্লিষ্টদের জনস্বার্থে পরিবেশ পরিচ্ছন্ন ও চলাচল উপযোগী রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।






