
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম, আশরাফুল আলম, রাহিমা আক্তার প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন টাঙ্গাইল উবিনীগের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু। এছাড়াও উপস্থিত ছিলেন ফাহিমা খাতুন লিজা, বরকত হোসেন, রজব আলী যোয়াকিম মাংসাং, তারিক আজিজ, হাসনা আক্তার প্রমুখ।
আলোচনার শুরুতেই রবিউল ইসলাম চুন্নু বলেন, পরিবেশ সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মানুষের মনে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখার অঙ্গিকার করতে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ইতিমধ্যে তাপদাহ বেড়ে গেছে এবং এটা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। জমিতে রাসায়নিক সার বিষ ব্যবহার করে আমরা মাটি, পানি আমাদের খাদ্য, মাছ, পশুপাখিসহ সবকিছু ধবংস করে ফেলছি। পরিবেশের কথা চিন্তা না করে প্রাণবৈচিত্র ধ্বংস করে ফেলছি।
নবম শ্রেণীর শিক্ষার্থী শিল্পী আকতার বলেন, গাছ আমাদের ফুল, ফল, ছায়া দেয়। অক্সিজেন দেয়। পরিবেশ নিরাপদ রাখতে হবে। আমরা বেশি বেশি দেশীয় গাছ লাগাব। দেশীয় ফল গাছ লাগালে আমরা পুষ্টিকর ফল খেতে পারব।
সভার সভাপতি আবু হানিফ বলেন, বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ দরকার। পরিবেশ ঠিক না থাকলে কোন প্রাণী বাঁচতে পারবে না। দিনের পর দিন বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। যার ফলে জলবায়ু পরিবর্তন ঘটছে। একটি গাছ কাটলে ২টি গাছ লাগাতে হবে। বাড়িতে, রাস্তায় গাছ লাগাতে হবে। বড় হয়ে গাছ ফল ও ছায়া দেবে।
আলোচনা সভা ও মানববন্ধন শেষে ২০০ শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, জলপাই, চালতা, জাম, কদবেল, ডেউয়া, জাম্বুরা, বেল ফলের চারা বিতরণ করা হয়।






