
গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মঙ্গল খান (৫৫)। তিনি কাহেতা গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে।
জানা গেছে, রোববার (২১ জুন) বিকেলে বৃষ্টির মধ্যেই নিজ জমিতে ট্রাক্টর দিয়ে মঙ্গল খান চাষাবাদ করছিলেন । এ সময় হঠাৎ বজ্রপাত হলে প্রথমে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৃষ্টি উপেক্ষা করে তিনি জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় কৃষক মঙ্গল খানের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।






