
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ১২৫ বোতল নেশা জাতীয় “এসকাফ সিরাপ” সহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধা জেলার হাসিম বাবু (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার সিয়াম (২০)। টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি-৩ এর ক্যাম্প হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার গোলচত্তরে সিরাজগঞ্জ-ঢাকাগামী মহাসড়কে মোটরসাইকেল তল্লাশী করে উক্ত কারবারিদের আটক করে।
সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য “এসকাফ সিরাপ” থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক কারবারিদের দেওয়া তথ্য ও দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১২৫ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য “এসকাফ সিরাপ” উদ্ধারসহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত কারবারিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য “এসকাফ সিরাপ” সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যমুনা সেতু পূর্ব থানায় আলামতসহ মাদক কারবারিদের হস্তান্তর করা হয়েছে।






