
স্টাফ রিপোর্টার ॥
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এর মাদক বিরোধী অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম মোঃ সেলিম রেজা (৪৭)। তার রাড়ি রাজশাহী জেলায়।
রবিবার (১২ জুলাই) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে শনিবার (১১ জুলাই) সকালে যমুনাসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর ৫নং ব্রিজের যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদককারবারি মোঃ সেলিম রেজা (৪৭), জেলা-রাজশাহী‘কে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে আটককৃত কারবারির দেওয়া তথ্য ও দেখানো মতে তার হেফাজতে থাকা ১টি হ্যান্ড ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত তিনশত চল্লিশ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধারসহ ১টি মোবাইল ফোন এবং নগদ তিন হাজার চারশত টাকা জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।






