
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় দুর্ঘটনায় আহত ১৮ জনকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহত ১৭ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





