
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে খাওয়ার সময় গলায় রুটি আটকে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আনিকা জান্নাত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত আনিকা জান্নাত (১৩) উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিলো আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






