
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লুপাস নেফ্রাইটিসে (এসএলই) আক্রান্ত হয়ে সাদিয়া নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদিয়া সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসারচালা গ্রামের প্রবাসী বাদশা মিয়ার মেয়ে। সে উপজেলার মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া দীর্ঘদিন ধরে বিরল রোগ (লুপাস নেফ্রাইটিস-এসএলই) রোগে ভুগছিল। রোগের তীব্রতা বাড়তে থাকায় একসময় তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে বাবা বাদশা মিয়া প্রবাসের কর্মস্থল ছেড়ে দেশে ফিরে আসেন। সাধ্যমতো বিভিন্ন স্থানে মেয়ের চিকিৎসা করিয়েছেন তিনি।
সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে তার মৃত্যু হয়।
সায়িদার বাবা বাদশা মিয়া বলেন, যে বয়সে তার সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে সময় কাটানোর কথা ছিল। ঠিক সেই বয়সেই এক কঠিন ও বিরল রোগের সঙ্গে লড়াই করে জীবন দিতে হলো শিশু সাদিয়াকে। আমার কলিজার টুকরো মেয়ে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাদিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও।





