
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে সাদিক (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ, এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, কালিহাতীর খিলদা গ্রামের খোকন মিয়ার ছেলে সাদিক শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার (১২ সেপ্টেম্বর) অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তার কক্ষের দরজা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি ঝুলছেন।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহত সাদিকের পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই দাবিউল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে তার নিজ ঘরের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।






