
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে একটি বুট মিলে (মিষ্টির প্যাকেট তৈরির কারখানা) ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে হাইস গাড়িতে করে আসা ৬-৭ জনের একটি দল মিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর ও হাত-পা বেঁধে রাখে। পরে মিলের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যায় তারা। এ ঘটনায় মিলের মালিকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় আব্দুল সাত্তারের পরিত্যক্ত রাইস মিলে এ ঘটনা ঘটে। ভবনটি ভাড়া নিয়ে সেখানে বুট মিল পরিচালনা করছেন ভোলার বাসিন্দা জাহাঙ্গীর (৫২)।
পুলিশ ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক আড়াইটার দিকে মাইক্রোবাস (হাইস) গাড়িতে করে ৬-৭ জনের একটি দল মিলের সামনে আসে। পরে তারা মিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা শ্রমিকদের মারধর করে হাত-পা বেঁধে রাখে। একপর্যায়ে শ্রমিকদের একজনকে পানির সঙ্গে চেতনানাশক জাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে অচেতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন- মিল মালিক জাহাঙ্গীর (৫২), তার ছেলে মো. আব্দুস সালাম (১৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সাইফুল (৬৫), মুক্তাগাছার রায়হান (৩২) এবং দিনাজপুরের বীরগঞ্জের এমদাদ (৪৫)। । এ ঘটনার পর মিল থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে যতটুকু দেখা ও বোঝা গেছে। সেখানে থাকা ব্যক্তিদের অচেতন করে কোনো কিছু খাওয়ানোর পর তালা কেটে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। এ সময় একটি ট্রান্সফরমারও চুরি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলেই মনে হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর তারা অসুস্থ থাকায় এখনো তাদের সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তারা সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।






