
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর সাথে জড়িত আল আমিন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ও টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী উপজেলার পাথালকান্দি এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক ফরজ আলীর ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে সন্দেহভাজন আল আমিন মিয়াকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আটককৃত আল আমিন মিয়া (৩২) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরকিল কাপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।






