
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে দীর্ঘ ৫ বছর পর প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগে মুসলিম রেনেসাঁ বনাম পূর্বাচল ক্লাবের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল ক্রীড়া নগরী হিসেবে পরিচিত সারা বাংলায়। ফুটবলে একসময় টাঙ্গাইলের উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলাররা ঢাকার মাঠে দাপটের সাথে জাতীয় দল এবং বিভিন্ন ক্লাব দলে খেলেছে। সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে। সবাইকে মাঠমুখী করতে হবে। যাতে করে মাদককে এই সমাজের সচেতন মানুষেরা না বলে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে দূরে ঠেলে দিয়ে সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা যদি সমূলে মাদকের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে মাদকমুক্ত সমাজ গঠনে সফল হবো।
তিনি আরো বলেন, টাঙ্গাইলে ক্রীড়াঙ্গনকে সচল রাখতে হবে। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল এবং এ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় টাঙ্গাইলের খেলোয়াড়রা যাতে ভালো পারফরমেন্স করতে পারে সেদিক সবসময় সুদৃষ্টি রাখতে হবে।
টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রথম বিভাগ ফুটবল লীগ কমিটির সভাপতি মাহমুদুল হক সানু, সাধারণ সম্পাদক এড. আসাদুজ্জামান খান আইয়ুব, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্স, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুহাম্মদ মুক্তার আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব (৩-০) গোলে পূর্বাচল ক্লাবকে হারিয়ে লীগের শুভ সূচনা করেছে। দলের গোলদাতারা হলেন- সাকিব, মোকলেছ ও মালেক।
দীর্ঘ ৫ বছরের খরা টাঙ্গাইলের ফুটবলারদের প্রাণের চাওয়া ফুটবল লীগে অংশগ্রহণ। জেলার বিভিন্ন উপজেলা থেকে টাঙ্গাইলের প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করতে প্রতিটি ফুটবলারদের মুখিয়ে ছিলেন। তারা খুবই খুশী ফুটবল লীগে অংশগ্রহণ করতে পেরে। এবারের প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাব, ভাসানী ক্লাব, উদয়ন ক্রীড়া চক্র, মুসলিম রেনেসাঁ, এলিভেন বুলেটস ভালো দল গঠন করেছে বলে জানা গেছে। জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ১০টি ক্লাব ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম পূর্বাচল ক্লাব মুখোমুখি হয়।
দলগুলো হলো “ক” গ্রুপে- মুসলিম রেনের্সা ক্লাব, পূর্বাচল ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব। “খ” গ্রুপে- বর্তমান রানার্সআপ ইয়ুথ ক্লাব ,আকুর টাকুর যুব সংঘ ও সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব এবং “গ” গ্রুপে- উদয়ন ক্রীড়া চক্র, সাবালিয়া ক্রীড়া একাদশ ও থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব। “ক” গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২টি ক্লাব এবং “খ ও গ” গ্রুপের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের সেমিফাইনাল উঠবে।
টুর্নামেন্টের বাকী খেলাগুলো হলো আগামী (১৭ অক্টোবর) আকুর টাকুর যুব সংঘ বনাম জুনিয়র ফুটবল ক্লাব, (২২ অক্টোবর) উদয়ন ক্রীড়া চক্র বনাম সাবালিয়া ক্রীড়া একাদশ, (২৩ অক্টোবর) থানাপাড়া ব্যায়ামাগার বনাম ভাসানীক্লাব, (২৪ অক্টোবর) জুনিয়র ফুটবল ক্লাব বনাম ইয়ুথ ক্লাব, (২৫ অক্টোবর) সাবালিয়া ক্রীড়া একাদশ বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, (২৬ অক্টোবর) মুসলিম রেনেসাঁ বনাম থানাপাড়া ব্যায়ামাগার, (২৭ অক্টোবর) পূর্বাচল ক্লাব বনাম ভাসানী ক্লাব, (২৮ অক্টোবর) আকুর টাকুর যুব সংঘ বনাম ইয়ুথ ক্লাব, (২৯ অক্টোবর) উদয়ন ক্রীড়া চক্র বনাম থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব, (৩০ অক্টোবর) মুসলিম রেনেসাঁ বনাম ভাসানী ক্লাব এবং (৩১ অক্টোবর) পূর্বাচল ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার।
দুই দলের খেলোয়াড়রা হলেন- মুসলিম রেনেসাঁ ক্লাব- ইমরান, তপু, মানিক, মারুফ, রুহুল, রিফাত, মিরাজ, সাকিব (অধিনায়ক), পিয়াস, মালেক ও মোকলেছ।
পূর্বাচল ক্লাব- ভাগ্য, আরিফ হোসেন, সাগর, মিলন, আলামিন, মাসুম, জিসান, প্রিতম, আহাদ, রাজু ও আরিফ।
রেফারী- রবীন খান, সহকারী- মহিউদ্দিন ও রনি।
শনিবার (১৭ অক্টোবর) খেলায় অংশগ্রহণ করবে- আকুরটাকুর যুব সংঘ বনাম জুনিয়র ফুটবল ক্লাব।






