
স্টাফ রিপোর্টার ॥
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।
তিনি বলেন, দেশের মানুষ মনে করেছিলো জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আর সন্ত্রাস, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম,খুন থাকবে না। কিন্তু ফ্যাসিস্ট শক্তির সাথে লিয়াঁজো করে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে জুলাই বিপ্লবকেই অস্বীকার করছে। তার ফলে ফ্যাসিবাদের দোসররা আবারও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমরা সকল অন্যায়, অপকর্মের বিরুদ্ধে সবসময়ই আন্দোলন সংগ্রাম করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। সুতরাং সরকারের সাথে ঐক্যের আহবানকে আমরা স্বাগত জানাই; কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তাদের সাথে ঐক্যের প্রশ্নই আসে না। ঐক্য ছাড়াই আমরা ফ্যাসিবাদ ও জুলুমতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করি এবং ভবিষ্যতেও করবো।
টাঙ্গাইল জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





