
স্টাফ রিপোর্টার ॥
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, দুইটি কারণে মূলত ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দুইলেন এবং টোলপ্লাজার কারণে মূলত যানজটের তৈরি হয়। মহাসড়কগুলো ফোর লেন হওয়ায় যানবাহন যে গতিতে আসে। সেগুলো বঙ্গবন্ধু সেতুতে এসে ধীর হয়ে যায়। এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বেঁধে যায়। এটা স্বাভাবিক বিষয়। তবে এবার ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে আইনশৃংখলা বাহিনী সংর্বাত্মক সজাগ রয়েছে। মহাসড়কে কোন প্রকার ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া পরিবহন মালিকদেরকেও এ বিষয় সজাগ হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক টাঙ্গাইল অংশ পরিদর্শনকালে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শাহাবুদ্দিন খান আরও বলেন, মহাসড়কে কোন প্রকার নক্কর-ঝক্কর গাড়ি চলতে দেওয়া হবে না। এই অকেজো গাড়ির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে যারা মালিক আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই ধরনের গাড়ি রাস্তায় না নামান। সাধারণ মানুষের প্রতি আহবান থাকবে কেউ যেন ট্রেন বা বাসের ছাঁদে না উঠে। কারণ আগে জীবন, তারপর ঈদের আনন্দ।
এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, গাজীপুর রিজিউনের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






