
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচর এলাকায় শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঈদের দাওয়াত খেতে এসে যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। নিহত যুবকের নাম রাহিদ (১৮)। তিনি ধলাটেংগর এলাকার শরিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ দুই দিন আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচরে নানির বাড়িতে দাওয়াত খেতে আসে। ঈদের আনন্দে দুপুর ১ টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন রাহিদ। তবে সাঁতার না জানায় তিনি নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান।
এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাহিদের চাচা আবুবক্কর জানান, আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ। সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। ঈদের দিন রাহিদ এবং তার বাবা-মা প্রথমে আমাদের বড় ভাইয়ের বাড়িতে আসে। এরপর দুই দিন আগে তারা তার দাদার বাড়িতে একদিন সময় কাটানোর পর নানির বাড়ি যোগারচরে চলে আসে।
সেখানেই দুপুরে ঈদের আনন্দে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় রাহিদ ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






