
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই দুই যাত্রী হচ্ছেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।
স্থানীয়রা জানান, সকালে জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরবর্তীতে সাতরে যাত্রীরা পারে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশী চালাচ্ছেন।
খবর পেয়ে টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।






