
স্টাফ রিপোর্টার, কালিহাতী ।। টাঙ্গাইলের কালিহাতীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণের লক্ষ্যে খুচরা, পাইকারী ডিলার ও কোম্পানীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা ৩০ এ কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (খামারবাড়ি, টাঙ্গাইল) মোঃ আশেক পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল হাসান ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রমজান আলী।সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধিতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হলেও এর সুষ্ঠু ও নিরাপদ ব্যবহার অত্যন্ত জরুরি। এ জন্য ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সচেতন হতে হবে এবং কৃষকের স্বার্থে বাজারজাতকরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
সভায় খুচরা, পাইকারী ডিলার ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন এবং সবাই কৃষির উন্নয়ন ও টেকসই নিরাপত্তায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






