
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘরসহ দুইটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মির্জাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী পশ্চিমপাড়া এলাকায় নিলু সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিলু সরকারের গোয়ালঘরে বৈদ্যুতিক ফ্যান চালু ছিল। ফ্যানের বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন গোয়াল ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খুশি মোহন সরকার জানান, অগ্নিকাণ্ডের সময় গোয়াল ঘরে চারটি গরু ছিল। স্থানীয়দের সহযোগিতায় দুইটি গরুকে বের করে আনা সম্ভব হলেও বাকি দুইটি গরু আগুনে পুড়ে মারা যায়। একই সঙ্গে গোয়ালঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, গোয়ালঘরে থাকা ফ্যানের বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়তে পারেনি।






