
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি অভিযানে ৯০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ও রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ (ওসি) আজাহারুল ইসলাম জানান, বিকাল পৌনে চারটার দিকে মির্জাপুর উপজেলার সদর এলাকার বাওয়ার কুমারজানী রোডের সিটি সেন্টারের ১২তলা ভবনের ডি ইউনিটে অভিযান চালানো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবাসহ রাকিব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তারপর বিকাল ৫টার দিকে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আবুল হোসেনের বাড়িতে ডিবির এসআই নুরুজ্জামানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে থেকে ২০০ পিস ইয়াবাসহ শাকিল নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শাকিল চিতেশ্বরী গ্রামের বাসিন্দা।
রাত আটটার দিকে মির্জাপুর উপজেলা সদর এলাকার পুষ্টকামুরী জহুর বাড়ি মোড় থেকে থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ মাসুম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। মাসুম বাসাইল উপজেলার পৌলি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি মির্জাপুর উপজেলার বাইমহাটি প্রফেসর পাড়ার আজমত আলীর বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে মির্জাপুর থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।






