
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকা থেকে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ও তালিকাভুক্ত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী সৌরভ(২৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভ গাজীপুর কালিয়াকৈর থানার কলেজ ছাত্র আবুল কালাম আজাদ (২৬) হত্যা মামলার আসামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি র্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র নিহত আবুল কালাম আজাদ(২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করত। ধৃত আসামী আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভসহ এজাহার নামীয় আসামীগন নিহত আবুল কালাম আজাদের পূর্ব পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে উক্ত আসামীগন ভিকটিমকে অন্যায় অত্যাচারসহ হুমকি প্রদান করতো। এরই প্রেক্ষিতে ২০২৪ সালের ২১ ডিসেম্বর আসামী মোঃ ইমনের মাধ্যমে ভিকটিমকে কালিয়াকৈর থানাধীন উলুসারা সাকিনস্থ জনৈক হারুনের বেকারীর দোকানে আসতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে উক্ত স্থানে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা ধৃত আসামী’দ্বয়সহ অন্যান্য আসামীগন আবুল কালাম আজাদ কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় ভিকটিমকে টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের মা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামের কাঞ্চন বেগম বাদী হয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩০, তারিখ-২৩ ডিসেম্বর ২০২৪খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। এছাড়াও ধৃত আসামী আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং তার সহযোগী আসামী সৌরভ তালিকাভুক্ত অস্ত্রধারী, শীর্ষ সন্ত্রাসী, দস্যুতা ও ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি , মাদক, মারামারি ও চুরি মামলার এজাহার নামীয় আসামী।
এরই প্রেক্ষিতে, সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি র্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ১৬ সেপ্টেম্বর ২৫ তারিখ অনুমান ১৪:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকা থেকে উক্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং আসামি মো: সৌরভ (২৫) দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।






