
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আওয়ামী লীগের ঢাকা লকডাউনের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস বাসস্ট্যান্ডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে। সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন ছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপনসহ প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবি আদায় এবং লকডাউনের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদারের নেতৃত্বে বংশাই জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে মির্জাপুর উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা গোড়াই শিল্পাঞ্চল এলাকায় শেষ হয়। সেখানে এ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার ও উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা আবুল কাশেম মৃধা বক্তব্য রাখেন।






