
স্টাফ রিপোর্টার ॥
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুজিবনগর দিবস কারো একার না, কোনো দলের একার না। মুজিবনগর দিবস সকল দল-মতের ও পথের। মুজিবনগর দিবস বর্তমান সরকারের, এমনকি মুজিবনগর দিবস বর্তমান যে বিরোধী দল আছে তাদেরও। মুজিবনগর দিবস তারা পালন করুক, আর না করুক।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কাদের সিদ্দিকীর নিজ বাসভবন ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, মুজিবনগর সরকার গঠন না হলে আমরা বাংলাদেশের স্বাধীনতা আনতে পারতাম না। সেজন্য স্পষ্ট করে বলতে চাই, যে কারো এটা মনে করার কোনো কারণ নেই। মুজিবনগর দিবস আমাদের না তাদের, আমাদের না ওদের। মুজিবনগর দিবস আওয়ামী লীগের বিএনপির না। এটা ঠিক না।
কাদের সিদ্দিকী আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি সত্য। কিন্তু আমরা কখনও স্বাধীনতাকে উপলব্ধি করতে পারিনি। স্বাধীনতা কোনো দলের না, মতের না, স্বাধীনতা সামগ্রিকভাবে পুরো দেশের। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের। যে যে দলই করুক, সব দলের মানুষের হচ্ছে বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। আমরা কখনও সার্বিকভাবে এটাকে গ্রহণ করতে পারিনি, সর্বক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি।
আলোচনা সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






