
স্টাফ রিপোর্টার ॥
কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় তাহলে কৃষক শ্রমিক জনতালীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে শুধু বিএনপি, এনসিপি, জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করে তা হলে ২০ ভাগ মানুষও ভোট দিতে যাবে না। সে ভোটে আমরাও যাবো না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমার আগে আপনাকে শেখ হাসিনা চিনেছে। দেশের মানুষ চিনেছে। শেখ হাসিনার অন্যায় বঙ্গবন্ধুর অন্যায় নয়। শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় নয়। মুক্তিযুদ্ধের অন্যায় নয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদেরিয়া বাহিনীর আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এই আওয়ামী লীগকে জন্ম দিয়েছিলেন শেখ মুজিব, শামসুল হক। শেখ হাসিনা জন্ম দেন নাই। শেখ হাসিনার বিচার করবেন ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের বিচার করবেন তা পারবেন না। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খানও পারে নাই, আপনারাও পারবেন না। আওয়ামী লীগের যারা দোষি, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন। কিন্তু সবাইতো দোষ করে নাই। শেখ হাসিানকে আমি রাজনৈতিকভাবে কখনও সমর্থন করি নাই। কারন সে মনে করত দেশটা তার বাপের। আর আমি মনে করি বঙ্গবন্ধু দেশের সেবক, আমিও দেশের সেবক। আমরা সবাই আল্লাহর গোলাম।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। জিয়ারউর রহমানও করেছিলেন। দু’জনকেই বীরোত্তম খেতাব দিয়েছিলেন বঙ্গবন্ধু সরকার। এখানে কোন ভিন্নতা নেই। ভিন্নতা করেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে আমরা শক্তিশালী করে দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে তারা যে অন্যায়, অবিচার করেছে। মা-বোনের সম্মান ধ্বংস করেছে, তারা ক্ষমা না চাইলে এই দেশে কথা বলার সুযোগ পেত না। বঙ্গবন্ধুর মতো নেতা ছিল বলেই জামায়াতের নেতারা বেঁচে গিয়েছে।
কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা মুজিব বাহিনীর প্রধান আলমগীর খান মেনু, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতিক, আবুল কালাম আজাদ বীরবিক্রম, কাদেরীয়া বাহিনীর কোম্পানী কমান্ডার কাজী হুমায়ুন বাঙ্গাল, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, দেলদুয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তহের বাবলু প্রমুখ।






