
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ধানের শীষের গণমিছিলে নেতৃত্ব দেন।।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি মধুপুর বিএনপির কার্যালয় থেকে শুরু করে মধুপুর আনারস চত্বর হয়ে মালাউড়ী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দেন এবং বিএনপি ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিলে যোগ দেন।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। বক্তারা আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণমিছিল চলাকালে পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, মধুপুরে বিএনপির গণমিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। আগামী দিনের আন্দোলন কর্মসূচিতেও আরও বড় পরিসরে জনসম্পৃক্ততা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






