
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার তরফপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলার মামুদপুর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল গুরুতর আহত হন। এতে তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে একটি মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানো নিদের্শ দেন।






