
স্টাফ রিপোর্টার ॥ র্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী মিলন (৩৫) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ভোরে টাঙ্গাইল সদর থানাধীন গালুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বিবরণে জানা যায় যে, মামলার এজাহার নামীয় ধৃত আসামি মিলন (৩৫) অন্যান্য আসামিদের সহায়তায় বাদী ভিকটিমের নগ্ন ছবি ধৃত আসামির মোবাইলে কৌশলে ধারণ করে। উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করার হুমকি দিয়ে বাদির নিকট হতে বিভিন্ন সময়ে এক লক্ষ টাকা চাঁদা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ধৃত আসামি মিলন (৩৫) ভিকটিমকে ধর্ষণ করার অভিপ্রায় বিভিন্নভাবে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিতে থাকে। ঘটনার প্রথম তারিখ গত বছরের ২৮ সেপ্টেম্বর সকালে ভিকটিম তার ছেলেকে একাডেমিক স্কুলে এবং মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার পথিমধ্যে ভিকটিমকে ধৃত আসামি মিলন (৩৫) অন্য আসামির সাথে পূর্ব পরিকল্পনা মোতাবেক পরিত্যক্ত ঘরে নিয়ে ছুরি দিয়ে হত্যার হুমকি দেখিয়ে শারীরিকভাবে মারধর করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ঐ সময় অপর আসামির কাছে থাকা মোবাইল ফোন দিয়ে উক্ত ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। পরবর্তীতে উক্ত ভিডিওর জের ধরে বিভিন্ন সময়ে ভিকটিমকে উত্যক্ত করতে থাকে এবং পুনরায় ভিকটিমকে ধর্ষণ করার জন্য ভয়-ভীতি সহ হুমকি দিতে থাকে। ভিকটিম উক্ত ঘটনা তার স্বামী সহ পরিবারের লোকজনদের জানায় এবং ভিকটিম বিজ্ঞ আদালতের মাধ্যমে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব -১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প আসামীকে গ্রেফতারের তৎপর হয়।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ভোরে টাঙ্গাইল সদর থানাধীন গালুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






