
স্টাফ রিপোর্টার ॥ র্যাবের অভিযানে টাঙ্গাইলের সখীপুর থানার হত্যা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) তাদের গ্রেফতার করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল। গ্রেফতারকৃতরা হলো রাসেল মিয়া (৩৭), মর্জিনা বেগম (৩২) এবং মোহাম্মদ আলী (৬০)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বিবরণে জানা যায় যে, শশুর বাড়ির লোকজন কর্তৃক নিহত কোরপান আলী (৭০) ও আসামিগন একই গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করত। নিহত ব্যক্তির স্ত্রী একজন মানসিক রোগী। ঘটনার দিন গত ২১ জানুয়ারী কোরপান আলী ও তার স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে ভিকটিমের স্ত্রী মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ির বাহিরে কাঁচা রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। ভিকটিম তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে বিবাদীগণ ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাসহ আসামিগণ তাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথার উপর আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। বাদী সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে গত ২৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মিজানুর রহমান (২২) বাদী হয়ে ২৫ জানুয়ারি সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব -১৪, টাঙ্গাইল ক্যাম্প আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের চৌকস আভিযানিক দল সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা থানাধীন ছোট কালিবাড়ি বিশ্বাস বেতকা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৪নং আসামি রাসেল মিয়া (৩৭) কে গ্রেফতার করেন। একই তারিখ দুপুরে টাঙ্গাইল সদর থানাধীন করোটিয়া এলাকা হতে ৫নং আসামি মর্জিনা বেগম (৩২) এবং বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চকপাড়া এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামী মোহাম্মদ আলী (৬০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






