
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বাজার এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাইফ এন্টারপ্রাইজ এর ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও জ্বালানি তেল বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারীজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুদ রাখার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআই এর সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।






