
স্পোর্টস রিপোর্টার ॥
খেলার শুরু ও শেষ মুহুর্তে ইমতিয়াজ আহমেদের ২টি সুযোগ সন্ধানী গোলেই ড. পিনাকী দের সবুজ দল (২-০) গোলে লাল দলকে হারিয়ে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচে জয়লাভ করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল বাসাখানপুর বাউসা মিনি স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সবুজ ও লাল দল অংশগ্রহণ করে।
খেলার শুরু থেকে লাল দলের অনুপম, ডাঃ নজরুল ও শিমুলের নেতৃত্বে আক্রমন করে খেলতে থাকে। কিন্তু দক্ষ স্টাইকারের অভাবে লাল দল গোলবঞ্চিত হয়। খেলার ৪ মিনিটের সময় পাল্টা আক্রমনে সবুজ দলের স্টাইকার ইমতিয়াজ লাল দলের পেনাল্টি বক্সে ঢুকে সতীর্থ মিডফিল্ডার ডাঃ আব্দুল্লাহ শট পাসে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়।
খেলায় পিছিয়ে পড়ে লাল দলের শিমুল খান, অনুপম, দুলাল, বেল্লাল, নোমান, আরিফ ও ডাঃ নজরুল পরিশ্রমি খেলায় বার কয়েক বিক্ষিপ্ত আক্রমন করে। কিন্তু সবুজ দলের গোলরক্ষক আল আমিনের একক দক্ষতায় গোল বঞ্চিত হয় লাল দলের খেলোয়াড়রা। লাল দলের বুদ্ধিদীপ্ত মধ্যমাঠের খেলোয়াড় শিমুল খান ও অনুপমের কোন প্লানই এ ম্যাচে কাজে আসেনি। দলের সবচেয়ে দুর্বলতা ছিল পার্সিং করে না খেলা। এ কারনে লাল দল গোল করতে পারেনি।
সবুজ দলের উজ্জীবত খেলায় লাল দলের খেলোয়াড়দের খেলায় ফিরে আসার আগ্রহ কমে যায়। তুলনামূলক অনেক ভালো খেলে সবুজ দল। লাল দলের অগোছালো খেলার কারনে তারা পিছিয়ে যায়। তাদের আক্রমন ভাগ যেমন দুর্বল, তেমনি তাদের রক্ষনসেনা প্রফেসর ছানোয়ার, বিশ্বজিৎ, লিটন, মামুন ও গৌড় সুন্দর দুর্বল খেলায় রক্ষনভাগও অরক্ষিত থেকে যায়। লাল দলের গোলরক্ষক সুব্রত ধর একাধিক বল সেভ করার কারনে গোলের সংখ্যা বাড়েনি।

দ্বিতীর্য়াধে অগোছালো ও বিক্ষিপ্ত আক্রমন, পাল্টা আক্রমনে দুটি পক্ষ গোল করতে ব্যর্থ হয়। খেলার শেষে দিকে সবুজ দলের বিক্ষিপ্ত আক্রমনে ইমতিয়াজ আবারো প্লেসিং শটে গোল করে (২-০) ব্যবধান বাড়িয়ে নেয়। এরপর কোন পক্ষ আর গোল করতে পারেনি।
দু’দলে যারা খেলেছে তারা হলো- সবুজ দলঃ- ড. পিনাকী দে (অধিনায়ক), আল আমিন, ডাঃ শরিফুল, সুজিত, রাতুল, বিজয়, রফিক, টিপু, হাবিব, মোমেন, নুরে আলম ভূইঁয়া, ডাঃ আব্দুল্লাহ, ইমতিয়াজ, মুজিবর ও ডাঃ হায়দার।
লাল দলঃ- প্রফেসর ছানোয়ার (অধিনায়ক), সুব্রত ধর, গৌর সুন্দর, লিটন, মামুন, বিশ্বজিৎ, দুলাল, উৎপল, অনুপম, বেল্লাল, শান্তি সোহেল, নোমান, শিমুল খান, আরিফ ও ডাঃ নজরুল।
খেলায় রেফারী ছিলেন হারুন অর রশীদ।






