
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশে যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্মান পায় সেদিকে নজর রাখবেন। সেই ইতিহাস নিয়ে সামনের দিকে চলবেন।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, মির্জাপুর মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ ওছমান গনি, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, স্বাধীনতা যুদ্ধ কোন চায়ের টেবিলে যুদ্ধ হয় নাই। সেদিন যাদের নেতৃত্ব দেয়ার কথা ছিল তাঁরা সাড়ে সাত কোটি বাঙালিকে অরক্ষিত রেখে রাতের আধাঁরে পালিয়ে গিয়েছিল। সেদিন চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই দেন নাই, স্বাধীরতার বিপ্লব করেছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবিধাতিত নেতা ছিলেন। তাঁর যেখানে শেষ সেখান থেকেই জিয়াউর রহমানের শুরু হয়েছিল।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা হলে সত্য কথা মাথা উঁচু করে বলবেন। মিথ্যাকে প্রশ্রয় দিবেন না। গত ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আর এজন্যই প্রত্যেক স্কুলে ক্লাস এইচ, নাইন, টেন এবং কলেজে ফার্ষ্ট ইয়ারে একটা কইরা সাবজেক্ট মুক্তিযুদ্ধের উপর থাকতে হবে বলে দাবী করেছি।
এর আগে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয়।






