
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরুজ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, আটক সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় আরও অভিযান চালানো হয়। অভিযানে নছিমউদ্দিন ও আলমগীর নামে দুইজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা নছিমউদ্দিনকে ৩ মাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






