
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়িতে জালেমন বেগম হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৩২) নরসিংদী থেকে বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর বুধবার (২৮ অক্টোবর) বিকালে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানা গেছে।
গ্রেপ্তার শাহ আলম শেরপুর জেলার শ্রীবরদী থানার বানিয়াপাড়া এলাকার আঃ করিমের ছেলে। নিহত জালেমন বেগম মধুপুর উপজেলার শোলাকুড়ির বিএনপির নেত মিঠুর মা।
জবানবন্দিতে আসামি শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন তারা। এ সময় কুড়াল ও রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। পরে তার গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান তারা। জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও তারা মিঠুর বাড়ি থেকে রাইস কুকার, কাঁথাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছিলেন বলে শাহ আলম জানায়।
এ বিষয়ে মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান, জালেমন বেগমকে হত্যার পর থেকেই হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জোরচেষ্টা চালিয়ে যায় থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।






