
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে মির্জাপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করেন। উপজেলা জামায়াতে ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, যোগদানকৃত নেতা আবুল কাশেম, জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ।
জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে আবুল কাশেম তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রানিত হয়ে আমি জামায়াতে যোগদান করেছি। আমি এতোদিন ভুল পথে ছিলাম, এখন আমি সঠিক পথ খুঁজে পেয়েছি। পরে তিনি উপস্থিত সকলের কাছে তার নতুন পথ চলার জন্য দোয়া কামনা করেন। এ সময় পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে ইসলামীতে যোগ দেন।






