
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে আগামী (২১ মে) অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। রোববার (২ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয়ে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান রিটারিং কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে বিভিন্ন পদে শিক্ষকরা মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী ও সদস্য সচিব মোহাম্মদ কোহিনুর মিয়াসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কোহিনুর মিয়া জানান, মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি ২ জন, সহ-সভাপতি ৯ জন, সাধারণ সম্পাদক ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, সাংস্কৃতিক সম্পাদক ১ জন, মহিলা বিষয়ক সম্পাদিকা ১ জন, অর্থ সম্পাদক ১ জন, সমাজ কল্যাণ সম্পাদক ১ জন পদে।
আগামী (২১ মে) শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। উল্লেখ্য শুক্রবার (১ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।






