
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় হতদরিদ্রের কর্মসংস্থানের লক্ষে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) স্থানীয় এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধান অতিথি হিসেবে ওই খাল পুনঃখননের উদ্বোধন করেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম সে সময় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের খালটি প্রশস্তকরণ করেছিলাম। তার পাশেই যমুনা নদীর সাথে সংযোগস্থল স্থাপন করার ফলে এলাকার কৃষকরা এ খালটির যথাযথ সুফল ভোগ করেছিল। এখন খালটি সংস্কারের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালের প্রবাহ উন্মক্ত করেনি। খালগুলোর বেশি ভাগই ময়লা-আর্বজনায় সয়লাভ এবং দখল হয়ে গেছে। আজ খুপিবাড়ীর খাল পুনঃখননের কাজ শুরু হলো। গোবিন্দাসীর খালটির বিষয়ে বাজারের সকলের সাথে আলোচনা করে দখলসহ ভরাট হওয়া খালটি পুনঃখনন করা হবে। সেই সাথে দখলকারীদের উৎখাত করতে হবে। ইতোমধ্যে এই গোবিন্দাসী বাজারের খালটি পুনঃসংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ সময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জামিল (মিন্টু), ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।






