
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পুষ্পিতা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কালিহাতী পৌরসভার কর্মকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুষ্পিতা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকরি গ্রামের নিরঞ্জন কর্মকারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা দুলাল জানান, পুষ্পিতা তার নানা মদন কর্মকারের বাড়িতে মামার বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে বেড়াতে আসে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সে তার ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।
এ সময় নদীর ওপারে থাকা স্থানীয় লোকজন ও পাড়ে থাকা তার ছোট ভাইয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি।






