
স্পোটর্স রিপোর্টার ॥
সাবেক চ্যাম্পিয়ন শক্তিশালী উদয়ন ক্রীড়া চক্রকে হারিয়ে অঘটন ঘটিয়ে শুভসূচনা করেছে সাবালিয়া ক্রীড়া একাদশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগের ‘গ’ গ্রুপের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন উদয়ন ক্রীড়া চক্র ও সাবালিয়া ক্রীড়া একাদশ ম্যাচটি প্রতিদ্বন্দিতাপূর্ণ হয়।
সাবালিয়া ক্রীড়া একাদশের অভিজ্ঞ খেলোয়াড়দের দক্ষতার কাছে পেরে উঠেনি তারুন্য নির্ভর উদয়ন ক্রীড়া চক্র। সাবালিয়া দল গোছানো ফুটবল খেলতে থাকলে আর উদয়ন ক্রীড়া চক্রের খেলোয়াড়রা ডিফেন্সকে শক্ত রেখে পাল্টা আক্রমনে গোল করার চেষ্টা করে।
প্রথমার্ধের শেষ মুহুর্তে সজিবের চমৎকার পাসে চলতি বলে সাব্বির গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয়।
খেলার দ্বিতীয়ার্ধে সাবালিয়া ক্রীড়া একাদশ গোল বাড়ানোর চেষ্টা করে। আর উদয়ন ক্রীড়া চক্র গোল করে সমতায় আসার চেষ্টা ব্যর্থ হলে সাবালিয়া দল ওই একমাত্র গোলে জয়লাভ করে পূর্ন পয়েন্ট অর্জন করে।
দুই দলের খেলোয়াড়রা হলেন- সাবালিয়া ক্রীড়া একাদশ- সিয়াম (গোলরক্ষক), বিষু, আবিদুর রহমান, মনির, সুরঞ্জন (অধিনায়ক), সজীব, আবু তামিম, আব্দুল্লাহ আল রানা, পারভেজ, সাব্বির ও আশিক।
উদয়ন ক্রীড়াচক্র- সুমন (গোলরক্ষক), রাজু, সাইফুল, রিফাত, অনিক, আলামিন, সুমন, নাহিদ, নাজমুল, আকাশ ও আবু মোহাম্মদ।
রেফারী ছিলেন- নবী হোসেন নবু।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে খেলায় অংশগ্রহণ করবে থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব বনাম ভাসানী ক্লাব।






