
স্পোর্টস রিপোর্টার ॥
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খেলাধুলার মাধ্যমে ক্রীড়াবিদরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। এজন্য লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়াম অনুষ্ঠিত নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি তরুণদের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ফাইনালে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল সদর উপজেলা দল এবং ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল পৌরসভা দল।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।





