
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে গত ৭ দিনে দেলদুয়ার উপজেলায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) সকালে বাড়ির অন্যান্য লোকজন নিজ বসতঘরের দরজা বন্ধ পায়। পরে তা ভেঙ্গে ঘরে ঢুকে রাশেদার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌছে লাশ উদ্ধার করে।
নিহত রাশেদার পরিবারের অভিযোগ, স্বামী লিটন মিয়া একজন মাদক বিক্রেতা ও সেবককারী। সে প্রতিনিয়তই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ এবং মারধর করতো। ঘটনার আগের রাতেও সে স্ত্রীকে নানাভাবে নির্যাতন করেছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী লিটন মিয়াকে আটক করা হয়েছে।






