
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সভায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার মান এবং সম্প্রতি নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদার, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ মতিন, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদসহ অন্যরা।
এছাড়া সভায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জামুর্কীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫১ থেকে বাড়িয়ে ১৫১ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে উপযুক্ত জায়গা নির্ধারণ ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।





