
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, একই দিন সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার (২৫ মে) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হওয়ার পর স্টেশনের পশ্চিম পাশে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টায় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক এনামুল হক জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হবে।
মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, সোমবার (২৫ মে) সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছেন।






