
স্টাফ রিপোর্টার ॥
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে যাতে বর্জ্য অপসারণ হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল পৌর শহরের বেবিস্ট্যান্ডে পশুর হাটের ময়লা আবর্জনা পরিষ্কারকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কোরবানির পশুর হাটের বজ্র ও ময়লা নিজ হাতে ঝাড়ু ও বেলচা দিয়ে পরিষ্কার করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়াও কোরবানির পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা নিজ নিজ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের এমন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে জনসাধারণের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠিক শফিকুর রহমান শফিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল প্রমুখ।






