
গোপালপুর প্রতিনিধি ॥
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” -এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত গোপালপুর উপজেলা শাখার সমন্নয়কারী শাহজাহান আলী। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালতের টাঙ্গাইল জেলা মেনেজার সাইয়্যেদ আহমদ।
এ সময় বক্তব্য রাখেন গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার এখলাস আহম্মেদ, টাঙ্গাইল জেলা দি হাংগার প্রজেক্টের প্রতিনিধি সুমন মাহমুদ, ব্র্যাক এর ব্যবস্থাপক নজরুল ইসলাম, মির্জাপুর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজির উদ্দিন, টি এম এস এসের ব্যবস্থাপক রাফিউল আলম, শক্তি ফাউন্ডেশনের কামরুল হাসান, আশার ব্যবস্থাপক হযরত আলী, এস এস এসের রাফিউল আলম, উদ্দীপনের খাদিজা খাতুন ছাড়াও স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।






