
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভেজাল ডিজেল তৈরি ও অবৈধভাবে বাজারজাত করণে এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে । বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবপুর গ্রামের বেলটিয়াবাড়ী এলাকায় আনোয়ার এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভেজাল ডিজেল তৈরি ও অবৈধভাবে বাজারজাত করণে এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার দায়ে ওই প্রতিষ্ঠানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সেই সাথে কারখানাটি বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে ।
এই অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা। এ সময় তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এছাড়া উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অবিদপ্তরের অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, এইচ এম জিয়াউর রহমান ও অন্যান্য কর্মচারীগণ। এছাড়া জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃংখলা রক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন ।






