
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা কারাগারের বন্দীদের মাঝে ফুটবল বিশ্বকাপের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আমেজ যখন উত্তর আমেরিকা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক উদ্যোগ নিয়েছেন যাতে জেলা কারাগারের বন্দীরাও এ আনন্দ থেকে বঞ্চিত না হন, এজন্য ব্যবস্থা নিয়েছেন।
বিশ্বকাপ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপনের মাধ্যমে কারাবন্দীদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে বন্দীরা তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে। সেই ভাবনা থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কারাগারের বিভিন্ন ওয়ার্ডে টেলিভিশন স্থাপনের ফলে কারাবন্দীদের মধ্যে আনন্দের পাশাপাশি শৃঙ্খলাও বৃদ্ধি পেয়েছে।






